রেকর্ড গড়ে জয় শ্রীলঙ্কার

প্রেমদাসায় স্টেডিয়ামে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা৷ প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নেমে চার উইকেটে ম্যাচ জিতল লঙ্কা বাহিনী৷ চতুর্থ ইনিংসে ৩৮৮ রান তাড়া করতে নেমে মধুর জয় পেল মুরলিধরনের দেশ৷এর আগে এত রান করে জয় পায়নি শ্রীলঙ্কা।
চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল তিন উইকেটে ১৭০৷ ক্রিজে ছিলেন কুশল মেন্ডিস (৬০) ও অ্যাঞ্জেলো ম্যাথুউস (১৭)৷ গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যানকে তাড়াতাড়িই ফিরিয়ে দেন জিম্বাবুয়ের বোলাররা৷ তখন মনে হচ্ছিল আফ্রিকার সিংহদের জয় বুঝি সময়ের অপেক্ষা৷ কিন্তু ডিকওয়ালা ও গুণরত্নে জুটিই তাদের সব হিসেব উল্টে দেয়৷ ষষ্ঠ উইকেটে ১২৩ রান যোগ করেন ডিকওয়ালা-গুণরত্নে৷ ডিকওয়ালা (৮১) আউট হয়ে গেলেও দিনরুয়ান পেরেরাকে (২৯) সঙ্গে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন গুণরত্নে (৮০)৷ টেস্টের আসরে রান তাড়া করে জেতার নিরিখে এটি পাঁচ নম্বর বড় জয়৷
এই জয় শ্রীলঙ্কান ক্রিকেটে মরা গাঙে জোয়ার আনল সেটা বলার অপেক্ষা রাখে না৷




