
ভারতের বেঙ্গালুরুর দু’টি প্রধান মেট্রো স্টেশনের হিন্দি নাম লেখা সাইনবোর্ড থেকে হিন্দি মুছে দেয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এই ইস্যু নিয়ে উত্তাল হয় এবং বলা হয় যে অ–হিন্দিভাষী রাজ্য কর্নাটকে কেন হিন্দি ভাষা ব্যবহার করা হবে। চিকপেট এবং ম্যাজেস্টিক মেট্রো স্টেশনের হিন্দি নাম কে বা কারা মুছে দেয় তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।
সাইনবোর্ডে দু’টিতে দেখা যাচ্ছে, কেউ সেলোটেপ লাগিয়ে হিন্দি লেখাটি আড়াল করে দিয়েছে। এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ব্যাপারে কিছুই জানেন না। তবে এটা কন্নড়পন্থীদের কাজ বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পরেই মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়। তিন ভাষা পদ্ধতির প্রতিবাদে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল। যেখানে বেঙ্গালুরু মেট্রো প্রসঙ্গে বলা হয়েছে, ‘আমাদের মেট্রো, আমরা হিন্দি চাই না।’
বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার জানান, কন্নড় ভাষাকে অবশ্যই যথাযথ স্বীকৃতি দেয়া হবে। কিন্তু তার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি ভাষাও জরুরি। কারণ অনেকেই কন্নড় ভাষা জানেন না। যদিও কর্নাটকের ‘রক্ষণা বেদিকা’ গোষ্ঠী জানায়, কেরল ও মহারাষ্ট্রে হিন্দি ভাষা সেভাবে ব্যবহৃত হয় না।




