পতাকা ডেস্ক: সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে এবং ভুলের পর ভুল করে জনগণের অনাস্থা আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর ডা, শফিকুর রহমান এমপি,এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি,এডিপির চেয়ারম্যান ড.কর্ণেল অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামনুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ।
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, এই সরকার শুরুই করেছে ভুল দিয়ে। ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন,গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপির দুটি নতুন নাম দিতে চাই, ‘বিশ্বাস নাই পার্টি’ বা ‘বিশ্বাসহীন পার্টি আরেকটা বিশ্বাস নষ্ট পার্টি।
আপনারা যদি গুম-খুন ও অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত না করেন, তাহলে জনগণ আপনাদের নাম দেবে ‘বিচার না করা পার্টি’। বিদ্যুৎ দিতে না পারলে জনগণ বলবে,বিদ্যুৎ নাই পার্টি’।
মঞ্জু বলেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের নতুন একটি নাম দিতে বাধ্য হব, বাংলাদেশ নাই নাই পার্টি’।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল পরিবর্তনের পর একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে,গুম খুনের শক্তিশালী আইন হবে কিন্তু সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণভোটের গণরায়কে মেনে নিতে টালবাহানা, জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।গুম ও মানবাধিকার নিয়ে প্রতারণার আইন করেছে।এভাবে জনগণের মতামতকে অগ্রাহ্য করে পার পাওয়া যাবে না।
সমাবেশে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল এবং শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু এবং মশিউর রহমান মিলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।