১৪৪ ধারা প্রত্যাহার : লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ জনকে আসামি করে মামলা

সংবাদদাতা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন হতাকাণ্ডের জের ধরে তিন পাহাড়ি গ্রাম বাইট্টা পাড়া, মানিকজোর ছড়া ও তিন টিলার শতাধিক বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শনিবার বেলা ২টার পর থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তবে লংগদুর গুরুত্বপূর্ণ স্থান সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও উপজেলায় পুলিশী টহল জোরদার থাকবে।
লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান এ সিদ্ধান্ত দেন।
এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতি নিরূপন করার পর পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয় হবে বলে রাঙ্গামাটি জেলা প্রশাসক আশ্বাস দেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সেনাবাহিনীর লংগদু জোন কামান্ডার লেঃ কর্নেল আব্দুল আলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে লংগদু উপজেলার ক্ষতিগ্রস্থ তিনটি এলাকার লোকজন এখনো বাড়ি-ঘরে ফিরেননি। অনেকে স্থানীয় বৌদ্ধ বিহার ও আত্মীয় স্বজনের বাসা-বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত লোকজন ফিরে আসতে শুরু করবেন বলে আশ্রয় নেয়া ব্যক্তিরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের স্থানীয় সেনা প্রশাসন খাদ্য সহায়তা দিচ্ছে।
উল্লখ্য, লংগদুতে যুবলীগ নেতা ও মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়ন হতাকাণ্ডকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন লংগদুর তিন গ্রামে পাহাড়িদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে শতাধিক ঘর-বাড়ি ভস্মীভূত হয়।




