মানিকগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ ফারিয়া আলম কাজল (১৭) নামের এক কলেছ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত কাজল মানিকগঞ্জ জেলা শহরের নগর ভবন সংলগ্ন গালর্স স্কুল রোডের শাহ আলম ফিরোজের মেয়ে। সে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজে একাদশ শ্রেণীতে পড়তো।
পারিবারিক সূত্রে জানা যায়, কাজল প্রতি দিনের মতো গতকাল শনিবার সকাল ৯ টার দিকে বাসা থেকে প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়। কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে কাজল কান্না করতে করতে বাসায় ফেরে। সে এসে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার এমন অস্বাভাবিক আচরণ দেখে তার রুমের দরোজা ভেঙে রুমে ঢোকে তার পরিবারের লোকেরা। ঘরে তখন সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলছিল কাজল।
সেখান থেকে অচেতন অবস্থায় দ্রুত নামিয়ে কাজলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় কাজল মারা যায়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে পুলিশকে না জানিয়ে লাশ দাফন করায় তার মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।




