কণ্ঠশিল্পী সালমার বিয়ে বিচ্ছেদ

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও কণ্ঠশিল্পী সালমার বিবাহ বিচ্ছেদ হয়েছে। ছয় মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্বের সৃষ্টি হয় এবং তারা পৃথকভাবে বসবাস করছিলেন। ছয় দিন আগে শিবলী সাদিকের সাথে কোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমার কাগজে-কলমে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়।
জানা গেছে, মনোমালিন্যের কারণে গত রোজার ঈদের আগে থেকে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যান সালমা। তিনি এখন আছেন ঢাকার আদাবরে নিজের ফ্যাটে। তবে তার একমাত্র কন্যা সন্তান স্নেহা আছে তার বাবা শিবলী সাদিকের কাছে। পারিবারিক সূত্র জানিয়েছে, নার্সারি পড়ুয়া মেয়েটি বাবা ছাড়া কিছুই বোঝে না! তাই সালমাকে এটা মেনে নিতে হয়েছে। ‘কোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় সালমার গান শুনে তার প্রেমে পড়েন, শিবলী সাদিক। ২০১১ সালে দুই পরিবারের সম্মতিতে তারা আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সূত্র আরো জানায়, সালমার গান শুনেই সালমাকে পছন্দ করেছিলেন শিবলী সাদিক। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীকে গান ছাড়তে অবিরত চাপ প্রয়োগ করেন তিনি। মূলত এ কারণে মাঝে কয়েক বছর গান-বাজনা করেননি সালমা। শিল্পীর জন্য গান থেকে দূরে থাকা সবচেয়ে কষ্টদায়ক, তাই ফিরে গেলেন সালমা। আর এটাই কাল হলো এই গায়িকার জন্য। সূত্র জানায়, কন্যাসন্তানের কথা ভেবে সাবেক স্বামী শিবলী সাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে চান না সালমা। এই কঠিন সময়ে সবার সহযোগিতা পাবেন বলে আশা তার।




