ভারতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান

ভারতের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ না পাওয়ায় কঠোর পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষতিপূরণের দাবি করে আইনি পদক্ষেপ নিতে চলেছে।
এক দিন আগেই ভারতের মহিলা দল পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলায় তাদের ৬ পয়েন্ট কেড়ে নিয়েছে আইসিসি।
পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘বিসিসিআই বরাবর বলে এসেছে তাদের সরকার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের অনুমতি দিচ্ছে না। ভারতের মহিলা দলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আইসিসি বলেছিল এই মর্মে স্বরাষ্ট্র দফতরের চিঠি আইসিসির কাছে পেশ করার জন্য। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তা করেনি। পুরুষ দলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কোনো চিঠি দেখাতে পারেনি বিসিসিআই।’ এরপরই শাহরিয়ার খান বলেছেন, ‘আইসিসি আমাদের পক্ষে রায় দিয়েছে। এবার আমরা বিসিসিআইয়ের কাছে ক্ষতিপূরণ চাইব। কারণ ভারত-পাকিস্তান সিরিজ না হওয়ায় বিপুল ক্ষতি হয়েছে আমাদের।’
এরপরই শাহরিয়ারের সংযোজন, ‘হয় বিসিসিআই আইসিসিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি জমা দিক। নয়ত আমরা আইনি পদক্ষেপ নেব।’
২০০৭ সালের পর ভারত আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি পাকিস্তানের বিরুদ্ধে।




