sliderস্থানিয়

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের মো.এরশাদ (৪৫) নামে এক কৃষকের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন।

নিহত এরশাদ উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক ছিলেন।

নিহতের ভগ্নিপতি মো.নুর উদ্দিন বলেন, এরশাদ কৃষি কাজ করত। পাশাপাশি মেঘনা নদীতে ঠেলা জাল দিয়ে চিংড়িসহ অন্যান্য মাছ ধরত। গত রোববার এরশাদ মাছ ধরার জন্য ঠেলা জাল নিয়ে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীতে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ তার মরদেহ ভাসতে দেখেন।

নুর উদ্দিনের ভাষ্য, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে। ঘটনাস্থল থেকে তারা মরদেহ নিয়ে ঘাটে আসছে। সেখানে মরদেহ দেখে শরীরে কোন আঘাতের চিহৃ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button