
মোঃ আবদুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ছড়ার পানির স্রোতে পড়ে জোসনা চাকমা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জোসনা চাকমা উপজেলার রূপকারী ইউনিয়নের গোলাছড়ি গ্রামের বাসিন্দা দিপেন ত্রিপুরার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে বাড়ির পাশের ছড়ার পানিতে পড়ে স্রোতে তলিয়ে যায় শিশু জোসনা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পাঁচ বছর বয়সী শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোলাছড়ি গ্রামসহ পুরো রূপকারী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাসহ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।




