
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ হেলাল মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাতে পুলিশ সুপারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানার কচুবাড়ি (হাটপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল মিয়া কচুবাড়ি (হাটপাড়া) এলাকার মোঃ আব্দুল জলিল ও মোছাঃ বেদেনা আক্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হেলাল মিয়ার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের একটি মামলাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি ক্যাসিনো ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তার কর্মকাণ্ডের কারণে এলাকায় অপরাধমূলক পরিবেশ সৃষ্টি হচ্ছে।
গ্রেপ্তার হেলাল মিয়াকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এবং “অপরাধ দমনে ডিবির অভিযান অব্যাহত থাকবে”।


