
পতাকা ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; সরকারী দলের নেতারা বার বার বলছেন তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন।
তিনি প্রশ্ন রেখে বলেন আপনাদের ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা? তিনি সভায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার ১ম দফা পাঠ করে শোনান, যাতে প্রতিহিংসা ও প্রতিশোধের পথ পরিহার করার বলা হয়েছে।
মঞ্জু হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় কিশোর ছাত্র আলিফের চোখ উৎপাটন এবং ঢাকা আলীয়া মাদ্রাসায় হামলা করতে গিয়ে জানালার কাঁচ ভাংচুরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সামান্য রাজনৈতিক সমলোচনার বিরুদ্ধে যারা এত আগ্রাসী মনোভাব পোষন করেন তাদের কোন কথারই বিশ্বাস যোগ্যতা নাই। সরকারী দলের নেতাদের নিজেদের প্রতিশ্রুত ৩১ দফা বার বার পড়ার এবং সপ্তাহে অন্ততঃ একবার জুলাই স্মৃতি যাদুঘর পরিদর্শনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় যেই বসে সেই অতীত প্রতিশ্রুতি ভুলে যায় এজন্যই আমরা সবাই মিলে একটা সনদ তৈরী করতে চেয়েছিলাম যাতে ক্ষমতায় যেই যাবে সে এটা রক্ষা করতে বাধ্য হয়, কিন্তু বিএনপি মৌলিক বিষয় গুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে জটিলতা তৈরি করে।
ফ্যাসিবাদী আওয়ামীলীগ শাসনের দুঃসহ স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন, তারা জুলুম নিপীড়ন করে সকল রাজনৈতিক দলকে দূর্বল করে দিয়েছিল। যদি জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে দুই মাসের মধ্যে বিএনপিকে নিষিদ্ধ করা হতো বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থান ও জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইউম সোবহানী। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা ইজহার প্রমুখ।




