
রতন রায়হান, রংপুর: রংপুর মহানগরীতে অনলাইন জুয়া খেলা অবস্থায় মো. রাজু মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৫ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে নগরীর কোতোয়ালি থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব শালবন বোতলাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন মহিলা কলেজের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজু মিয়া রংপুর মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব খাসবাগ এলাকার মো.সহিদার রহমান ও মোছা.আঞ্জুমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই রাত ১০টা ১৫ মিনিটে আরপিএমপির ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. জিয়াউল হকের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। পরবর্তীতে রাত ১১টা ১৫ মিনিটে উক্ত ঘটনাস্থল থেকে অনলাইন জুয়া খেলায় লিপ্ত থাকা অবস্থায় রাজু মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১টি ‘OPPO A5 2020’ (মডেল: CPH1931) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।




