sliderস্থানিয়

ড্রেন নির্মাণকাজে অনিয়ম ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাসেদ আলীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।

রোববার সকালে পাকা ইউনিয়নের বহিরাপাড়া গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৫ লাখ ৫২ হাজার ২০০ টাকা ব্যয়ে মসজিদ থেকে মোয়াজ্জিমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থ ও গভীরতার একটি ড্রেন নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্বে ছিলেন ইউপি সদস্য মোঃ বাসেদ আলী।

কাজ শুরুর প্রথম দিনেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এছাড়া ঢালাইয়ের খোয়া, সিমেন্ট ও বালু মাটির ওপর মিশ্রণ করা হয়েছে, যা সরকারি নির্মাণকাজের মানদণ্ডের পরিপন্থী। অল্প সময়ের মধ্যেই কাজের মান নিয়ে প্রশ্ন উঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ বাসেদ আলী বলেন, মিস্ত্রীরা ভুল করেছে। যেটুকু লস হবে আমার হবে, এটুকু আমি সারিয়ে নেব।

পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, যেটা সব চেয়ে বড় ভুল করেছে মাটি উপর সেমেন্ট খোয়াটা ঢেলে দিয়েছে। ওই সময় মেম্বার ছিল না। উপজেলা নির্বাহী অফিসার ওই মেম্বারকে সাময়িক বহিষ্কার ও সেখানে অন্য একজন মেম্বারকে দিয়ে কাজ শেষ করা নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি কাজে অনিয়ম হলে দ্রুত তা বন্ধ করে দেওয়া হবে। কাজ যাতে সঠিক ও ভালোভাবে সম্পন্ন হয়, সেটি আমরা নিশ্চিত করব।

সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button