sliderস্থানিয়

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের সাতৈর রেলস্টেশনে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহত বিকাশ কর্মকার উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন স্বর্ণকার ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগে বিকাশ কর্মকার রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের শব্দ পেয়ে আশপাশের লোকজন সরে গেলেও তিনি হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার মারা যান। তাদের একমাত্র ছেলে বর্তমানে নানাবাড়িতে থাকেন। ঘটনার পর তার পকেট থেকে ভোটার আইডি কার্ড ও পরিবারের সদস্যদের ছবি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, একসময় তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও ঋণের চাপে পড়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নেন। সম্প্রতি পৈত্রিক জমি বিক্রির জন্য বাড়িতে এসে স্বজনদের বাধার মুখে পড়েন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে রেলওয়ে পুলিশ আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button