
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচী। রবিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক, শুকলাল বৈদ্যসহ অনান্যরা।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন জানান, সরকার সারা দেশের ৩০টি উপজেলায় বিশেষ এ টিকাদান কর্মসূচী হাতে নিয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা,চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট। চাঁপাইনবাবগঞ্জের এ তিনটি উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হবে। জেলা হাসপাতাল ও উপজেলা হাসপাতালের ৩টি স্থায়ী ও ৩৬ টি অস্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচী পরিচালিত হচ্ছে।


