
নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু হয়েছে। রবিবার(১৮ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর সজেরমোড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্শ্ববর্তী দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) ও ছয়ানি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাত দুপুরে ইমামনগর গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে পাঁচজনের একটি চোর চক্র। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পাঁচজন চোরের মধ্যে দু’জনকে ধরে গণধোলাই দেয়। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি দেখে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু,জনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, ধরা পড়ার পর নিহত দুই চোর তাদের সঙ্গে থাকা আরও তিনজন সহযোগীর নাম প্রকাশ করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। নিহত দু’জনই তালিকাভুক্ত চোর ছিলেন।
এলাকাবাসীর দাবি, গত তিন বছর ধরে এই চক্র এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। এর আগেও কয়েকবার তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,নিহতদের মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।




