sliderস্থানিয়

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। যশোর জেলার অভয়নগর-মনিরামপুর-কেশবপুর এবং খুলনার জেলার ফুলতলা-ডুমুরিয়া উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।

আজ রবিবার দুপুরে সংগঠনের উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ ও সদস্য সচিব চৈতন্য কুমার পালের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয় এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে ৩ রা আগষ্ট ডিসি অফিস ঘেরাওয়ের হুশিয়ারি দেওয়া হয়

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ উপদেষ্টা সরেজমিনে এসে আমডাঙ্গা খাল প্রশস্থকরণ ও সংস্কার, হরি নদীসহ সংশ্লিষ্ট নদী খনন এবং জনগণের মতামতের ভিত্তিতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারধার আধারে পলি ব্যবস্থাপনা) চালুর ৩টি মূল প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড চরম দীর্ঘসূত্রিতা ও গাফিলতি করেছে। দুই বছর আগে আমডাঙ্গা খাল সংস্কারের কার্যাদেশ দেওয়া হলেও নানা অজুহাতে ও রহস্যজনকভাবে কাজ আটকে আছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৮১.৫ কিলোমিটার হরি ও ভদ্রা নদী খননের কাজ শুরু হলেও তা অসমাপ্ত রয়েছে। খর্নিয়া ব্রিজের দক্ষিণ পাশে নির্মিত বাঁধের কারণে প্রায় ৭ কিলোমিটার নদী পলিতে ভরাট হয়ে গেছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, জাতীয় কর্মশালায় আইডব্লিউএম-এর জরিপ অনুযায়ী বিভিন্ন বিলে টিআরএম চালুর সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসব কারণে এ বছর আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে ভবদহ অঞ্চলে।

স্মারকলিপিতে অবিলম্বে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ শেষ করা এবং দীর্ঘসূত্রিতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা, খর্নিয়া ব্রিজের দক্ষিণ পাশের আড় বাঁধ অপসারণ, আইডব্লিউএম-এর প্রস্তাবনা অনুযায়ী নদী খনন ও টিআরএম বাস্তবায়নের দাবি জানানো হয়। একইসাথে পানিবন্দী মানুষের জরুরি স্বাস্থ্য, চিকিৎসা ও খাদ্য সহায়তা দিতে পানিসম্পদ মন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button