Uncategorized

দেশের মানুষ পরিবর্তন চায়-এরশাদ

দেশের মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। শনিবার বিকেলে সিলেটে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, আমি ক্ষমতায় থাকাকালীন নূর হোসেন ও ডা. মিলন মারা গিয়েছিলেন। আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আর এখন প্রতিদিন কত মায়ের বুক খালি হয়!
তিনি নিজেও পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, আজকাল কে কোথায় গুম হয় কেউ জানে না। পুলিশ জানে না। র‍্যাব জানে না। পরে খালে-বিলে লাশ পাওয়া যায়। তিনি বলেন, একদিন মায়েদের চোখের পানিতে দেশ ভেসে যাবে।
ক্ষমতায় গেলে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হবে জানিয়ে এরশাদ বলেন, ‘একজন মানুষ ১৬ কোটি মানুষকে শাসন করতে পারবে না। প্রদেশ ছাড়া কোনো উপায় নেই। আমি ক্ষমতায় গেলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করব।
জনসভায় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি জাতিসংঘ মিশনে আর্ম ফোর্স পাঠানো শুরু করেছিলেন। এই জাতীয় পার্টিই দেশকে ১৯ জেলা থেকে ৬৪ জেলায় উন্নীত করেছে। তিনি বলেন, আমরা সিলেটে ৮টি আসনে জয় পেয়েছিলেম। আমরা সেই আসনগুলো আবার ফিরে পেতে চাই।
জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সাংসদ ইয়াহইয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য সাংসদ কাজী ফিরোজ রশীদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button