sliderস্থানিয়

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন

মোঃআব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ি-এর নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে ফিতা কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদসহ স্থানীয় সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তথ্য যাচাই-বাছাই করে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।

বক্তারা আরও বলেন, বাঘাইছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পেশাগত নীতিমালা অনুসরণ, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের দক্ষতা ও নৈতিকতার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা বলেন, একটি কার্যকর সাংবাদিক সংগঠন সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ি ভবিষ্যতে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button