
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়ার একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ধানকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: আব্দুল রউফ।
জানা গেছে, উপজেলার ধানকোড়া গ্রামের রাকীব হোসেন (১৩) ও মাসুদ রানা (১৪) কবরস্থানের পাশে পিয়ারা গাছ থেকে পিয়ারা তোলার সময় দেখতে পান কবরগুলো খোড়া। এর পর তারা ভেতরে গিয়ে দেখেন বেশ কিছু কবর খোড়া অবস্থায় রয়েছে। পরে তারা বিষয়টি স্থানীয় মাদ্রাসার শিক্ষকদের জানালে শিক্ষক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন খোড়া কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই। এদিকে ধানকোড়া কেন্দ্রীয় কবরস্থানের কঙ্কাল চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তারা।
ধানকোড়া গ্রামের মো: আল-মামুন বলেন,গত চার থেকে সাত মাসের মধ্যে যেসব মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল সেসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া কঙ্কালগুলোর মধ্যে পুরুষ এবং নারী ছিল।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ আর এম আল-মামুন জানান, কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




