
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ছয় বাংলাদেশী কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দাহরান-জুবাইল মহাসড়কে কাতিফ সেন্ট্রাল হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মিজানুর রহমান সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সাত বাংলাদেশী শ্রমিক একটি ভ্যানে উঠে জুবাইলের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। ওই ভ্যানের আরেক বাংলাদেশী এবং অন্য গাড়ির আরেক সৌদি নাগরিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে মিজানুর রহমান জানান।
নিহত শ্রমিকরা হলেন- বরিশালের উজিরপুরের আবদুল হাকিমের দুই ছেলে শহিদুল ও বাবুল, পটুয়াখালীর কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম, আবদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম, ভোলার রানা শাহাবুদ্দিন এবং আবু বকরের ছেলে শরিফ।
এছাড়া সাইফুল নামে আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রনালয়ের এক কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সৌদি আরবে সড়ক দুঘটনায় শুধু ছয়জন নিহত ও একজন আহতের নামের তালিকা পেয়েছেন। তবে ওই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তার বিস্তারিত তথ্য তিনি জানতে পারেননি।




