
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে, রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৪১০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ প্রনোদনার আওতায় প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সারসহ বসত বাড়িতে চাষযোগ্য ও মাঠের শীতকালীন শাক সবজির বীজ দেওয়া হয়।
৭ অক্টোবর মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাইদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভুইয়া।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন সানি, কটিয়াদী পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষক ও কৃষাণীগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম ভূইয়া বলেন “২০২৫- ২০২৬” অর্থবছরের রবি মৌসুমে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কটিয়াদী উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৪১০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হয়েছে। এ প্রণোদনা সহায়তায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করি।




