
ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুই দিন পর এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খিড়াই নদী ও আশপাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহতের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানাই গ্রামের আব্দুর রহিম মিয়া ও নারগিস বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম প্রায় এক বছর ধরে বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজে আর মসজিদে হাজির হননি। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মোছা. মরিয়ম বেগম সোমবার ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীতে তার ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, “রবিবার ফজরের নামাজে তিনি আমাদের ইমামতি করেছেন। কিন্তু যোহরের নামাজ থেকে নিখোঁজ হয়ে যান। আজ সকালে মরদেহ নদীতে ভাসতে দেখে আমরা হতবাক হয়ে যাই। এটি সত্যিই অত্যন্ত মর্মান্তিক।”
এ বিষয়ে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) গণমাধ্যমকে মো. কোহিনুর ইসলাম বলেন, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”




