উত্তাল পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্র আবরার তাজরাত নির্ঝর ও আহমেদ হাসান। মঙ্গলবার বিকেলে ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর মৈনট পদ্মা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত নির্ঝর ঢাকার দক্ষিণখান এলাকার রেজাউর হোসেন জয়ের ছেলে ও আহমেদ হাসান মিরপুর রোড় ধানমন্ডি এলাকার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও অর্থনীতি বিভাগের ১৪ জন শিক্ষার্থী উপজেলার কার্তিকপুর মৈনট এলাকায় ঘুরতে আসেন। দুপুর ২টার দিকে মৈনটঘাট এলাকায় গোসল করতে নামেন তারা। সাঁতার না-জানায় আবার তাজরাত নির্ঝর, আহমেদ আহমেদ হাসান ও ঝিনুক নামে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। এ সময় স্থানীয়রা চেষ্টা করে ঝিনুককে আহত অবস্থায় উদ্ধার করেন। নিখোঁজ অন্য দুজনকে খুঁজে না পেয়ে ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া তারা বিকেল ৫টা ৩০ মিনিটে পদ্মা নদীতে অভিযান চালিয়ে নির্ঝর ও আহমেদ হাসানের লাশ উদ্ধার করে। পরে তাদের লাশ উদ্ধার করে দোহার উপজেলা প্রশাসনিক ভবনের সামনে রাখা হয়। সংবাদ পেয়ে নিহতের পরিবারের স্বজনরা দোহারে ছুটে আসেন। এ সময় স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নিহত নির্ঝরের খালা কান্নাজড়িত কন্ঠে বলেন, ছোট বেলা থেকে কোলেপীঠে করে আমি ওকে মানুষ করেছি। কখনো নদীতে গোসল করতে যেতে দেয়নি। কিন্ত আজ হঠাৎ করেই এখানে আসবে তা আমাদের কাউকেই জানায়নি।
নিহত হাসান আহমেদের বড় ভাই বলেন, এখানে আসার আগে বাসার কাউকে এ ব্যাপারে কিছুই জানায়নি। এর আগে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আলআমিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম লিটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ১৪ জন শিক্ষার্থীর কেউই তাদের অভিভাবক বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে না জানিয়ে আসায় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লাশ হস্তান্তর করবো। রাত ৮টায় দোহার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। অন্য শিক্ষার্থীরা সুস্থ রয়েছে বলেও জানা গেছে।



