দীপিকা, রানি, সোনাক্ষী, জ্যাকলিনরা একই দোকানের রেশন খান!

রেশন কার্ডের মালিক বলিউড সুপার স্টার দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ! শুনতে অবাক লাগলেও এটা সত্যি। ভারতের উত্তর প্রদেশের ফরুকাবাদের কায়ামগঞ্জ তহসিলের সাহাবগঞ্জের এক ন্যায্য মূল্যের দোকানে উপভোক্তাদের তালিকায় নাম রয়েছে এই বলিউড তারকা অভিনেত্রীদের। তাদের রেশন কার্ডে নিয়মিত ভরতুকি দামে খাদ্যশস্যও তোলা হচ্ছে।
গ্রামবাসীরা ওই ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ জানানোর পর তদন্তের নির্দেশ দেয়া হয়। তখনই বিষয়টি সামনে আসে। জানা যায় যে, যারা সমাজের একেবারে উপরতলার বাসিন্দা, তাদের নামে রেশন কার্ড বানিয়ে স্বল্পমূল্যের খাদ্যসামগ্রী তোলা হচ্ছে। রেজিস্ট্রেশন ফর্মে একাধিক অভিনেত্রী ও তাদের ‘স্বামীদের’ নাম বেরিয়ে আসে। তালিকা অনুসারে জ্যাকলিনের ‘স্বামী’ হলেন সাধু লাল, দীপিকার রাকেশ চাঁদ। রানি মুখার্জির স্বামী হিসেবে নাম রয়েছে জনৈক রাম স্বরূপের। সোনাক্ষীর বিয়ে হয়েছে জনৈক রমেশ চাঁদের সঙ্গে!
দীপিকাকে জেনারেল ক্যাটেগরিতে রাখা হয়েছে। বাকিদের অন্য পশ্চাত্পদ সম্প্রদায়ভুক্ত হিসাবে দেখানো হয়েছে। কী করে বলিউড অভিনেত্রীদের নামে রেশন কার্ড তৈরি হলো, সে ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। দোষীদের চিহ্নিত করে কঠোর সাজা দিতে কায়ামগঞ্জের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নির্দেশও দিয়েছেন তিনি।




