ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে যাওয়ার হাতছানি পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেটে পুনর্জন্ম! ছ’বছর আগে ইংল্যান্ড সফরে স্পট-ফিক্সিং কাণ্ড পাকিস্তান ক্রিকেটকে নগ্ন করে দিয়েছিল৷ কিন্তু সেই ইংল্যান্ড সফরই পাকিস্তানকে ফের আইসিসি-র টেস্ট তালিকায় তিন নম্বরে তুলে আনল৷ ওভাল টেস্ট ১০ উইকেটে জিতে সিরিজ ড্র করে স্বাধীনতা দিবস পালন করলেন পাকিস্তান ক্রিকেটাররা৷
চার ম্যাচের সিরিজ ২-২ করল মিসবা অ্যান্ড কোং ৷ ১১১ পয়েন্ট নিয়ে ‘থার্ড বয়’ পাকিস্তান৷ ‘সেকেন্ড বয়’ ভারতের (১১২) থেকে মাত্র এক পয়েন্ট পিছনে৷ শনিবার তৃতীয় টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নেয় ভারত৷ ১১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া৷ তবে আসন্ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলে শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে পাকিস্তানের৷
ওভাল টেস্টে দাপটের সঙ্গে জয় পাকিস্তানের৷ ইউনিস খানের ডাবল সেঞ্চুরির ও আসাদ সাফিকের সেঞ্চুরিতে ভর করে সিরিজ ড্র করে পাকিস্তান৷ কেরিয়ারে ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করে ম্যাচের সেরা ইউনিস৷




