যশোর প্রতিনিধি: যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁর মাথায় চারটি সেলাই দেন।
প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
আহত সমু চৌধুরী (৬০) যশোর শহরের নলডাঙ্গা রেড, বেজপাড়া এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামে দুই ব্যক্তি লাঠি ও ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত জাহাঙ্গীর শহরের আরএন রোড এলাকার এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়ে সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এরপরই গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর তাঁর ওপর চড়াও হন। তবে অভিযুক্ত হৃদয় দাবি করেছেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তাঁর দাবি, মেকানিক জাহাঙ্গীর তাঁকে মোবাইল ফোনে জানিয়েছেন যে সমু চৌধুরী তাঁর মা ও বোনকে নিয়ে গালিগালাজ করায় এই হামলার ঘটনা ঘটেছে।
এদিকে, এই হামলার ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাসিন্দারা তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।