
তানজানিয়ার ২৫ বছর বয়সী নারী ওয়াকোন্টা কাপুন্ডা একজন চিত্রনাট্যকার। কিন্তু তিনি পক্ষাঘাতগ্রস্ত। তাই জিহ্বা ব্যবহার করে তার স্ক্রিপ্টগুলো লিখে থাকেন।
চার বছর আগে এক গাড়ি দুর্ঘটনার কারণে ওয়াকোন্টা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। একদিন তার পায়ের কাছে থাকা মোবাইল ফোনটি বাজতে থাকে। কিন্তু তা ধরতে পারেননি তার হাত-পা অসাড় বলে।
সেদিনই ওয়াকোন্টা সিদ্ধান্ত নেন মুখ ব্যবহার করে তিনি ফোনের উত্তর দেবেন। স্ক্রিপ্টগুলোও মুখ ব্যবহার করেই লিখবেন।
প্রথমে কয়েকটি বালিশের ওপর মোবাইল রাখে তার পরিবার। ওয়াকোন্টা থুতনি দিয়ে টাইপ করার চেষ্টা করেন। কিন্তু পারেননি। পরে জিহ্বা দিয়ে চেষ্টা করে দেখেন যে তিনি পারছেন।
ওয়াকোন্টা জানান- প্রথমে জিহ্বা দিয়ে টাইপ করাটা বেশ কষ্টকর ছিল। জিহ্বা ব্যথা করতো। মাথাও ঘুরাতো। কিন্তু পরে অনুশীলনের মাধ্যমে আস্তে আস্তে দক্ষ হয়েছেন তিনি।
নিজের চলচ্চিত্র দিয়ে মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগাতে চান বলে জানান ওয়াকোন্টা।



