সিংগাইরে বিএনপি`র ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় মানিকগঞ্জের সিংগাইরে গত কয়েক দিনে বিএনপি ও গণঅধিকারের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আগের নাশকতা মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ হাবীবুল আলম মোহাম্মদ আলী, একই ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের বাশার নাঈম বাদশা, কহিনূর রহমান, দীপু মিয়া, রাশিদুল খান, রুবেল খান, দক্ষিণ ধল্লা গ্রামের চুন্নু মিয়া, বাস্তা গ্রামের আবদুল হালিম, বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের আকাশ, সাহনাইল গ্রামের শাকিল হোসেন ও ভিপি নূর সমর্থিত জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মোমেন।
সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, কোটা আন্দোলনের নামে নাশকতায় গ্রেপ্তাররা জড়িত। আন্দোলনের নামে মানিকগঞ্জ সদরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাভারের তাণ্ডবে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের ছবি ও ভিডিও ফুটেজে এমন তথ্য মিলেছে বলেও ওসি জানান।



