তুরস্কের অধিনায়ককে নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন মেসি

ইংল্যান্ডে বার্সেলোনার সপ্তাহব্যাপী মৌসুম পূর্ব অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ক্লাবটির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
শতবর্ষী কোপা আমেরিকায় জাতীয় দলের হয়ে অংশগ্রহণের পর হাতাশা কাটাতে ছুটিতে যাওয়া ২৯ বছর বয়সী মেসি সেন্ট জর্জেস পার্কের এই সফরে অংশ নেবেন না বলেই ধারণা করা হয়েছিল। কিন্তু ছুটি সংক্ষিপ্ত করে ইংল্যান্ড সফরকারীদের সঙ্গে তিনি যুক্ত হতে যাচ্ছেন বলে স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তুর্কি অধিনায়ক আরডা তুরিনও তার সঙ্গী হবেন বলে উল্লেখ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সা জানায়, ‘আরডা তুরিনকে সঙ্গী করে ছুটি শেষ হবার আগেই ক্লাবে ফিরে আসছেন আর্জেন্টাইন সুপার স্টার। তারা মৌসুম পূর্ব অনুশীলনে ক্লাব সতীর্থদের সঙ্গে যুক্ত হবেন।
ইংল্যান্ড সফরকারী দলে রয়েছেন জর্ডি মেসিপ, লুইস সুয়ারেজ, মুনির আল হাদাদি, সার্গি রবার্তো, আদ্রিয়ানো, এ্যালেক্স ভিদাল, জেরেমি মাত্তেও, ডেনিস সুয়ারেজ, সার্গি সামপার, ক্রিস্টিয়ান টেলো এবং মার্টিন মন্টোয়া।
আগামী ৩০ জুলাই ডাবলিনে সেলটিকের বিপক্ষে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে অংশগ্রহণের আগেই লুইস এনরিকের দলে যুক্ত হবে বার্সেলোনা যুব দলের কয়েকজন সদস্যও।




