sliderস্থানিয়

একই পরিবারের তিন জমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি—কুড়িগ্রামে গড়ল অনন্য দৃষ্টান্ত

কুড়িগ্রাম থেকে মোঃ জাফর আহমেদ: পরিশ্রম, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে সাফল্য যে একদিন ধরা দিতেই পারে—তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে কুড়িগ্রামের একই পরিবারের তিন জমজ বোন। একসঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে তারা শুধু পরিবারের মুখই উজ্জ্বল করেনি, গর্বিত করেছে পুরো কুড়িগ্রাম জেলাকে।

মেধাবী এই তিন বোন হলেন—তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক এবং গৃহিণী শাহিনা আক্তারের কন্যা।

জানা গেছে, ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

পরিবার ও শিক্ষকদের ভাষ্য, ছোটবেলা থেকেই তিন বোনই অত্যন্ত মেধাবী, শান্ত-শিষ্ট ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং নতুন কিছু শেখার প্রবল আগ্রহই তাদের এই অসাধারণ সাফল্যের মূল ভিত্তি।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

সন্তানদের এই গৌরবময় অর্জনে আবেগাপ্লুত বাবা,আইনজীবী তারিকুর রহমান তারিক। তিনি বলেন, “মহান আল্লাহর কাছে আমার মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তম জ্ঞান এবং নৈতিক চরিত্র গঠনের জন্য দোয়া কামনা করছি। পাশাপাশি সকলের কাছেও তাদের জন্য দোয়া চাই।”

এদিকে কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের গর্ব নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও একটি অনন্য ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও মেধা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

একই পরিবারের তিন জমজ বোনের এই বিরল অর্জন প্রমাণ করে—স্বপ্ন বড় হলে, পরিশ্রম আন্তরিক হলে আর পরিবারের সহযোগিতা থাকলে সাফল্য কখনো দূরে থাকে না। কুড়িগ্রামের এই তিন কন্যার জন্য রইল আন্তরিক শুভকামনা। তারা ভবিষ্যতেও দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনুক—এটাই সবার প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button