অ্যালিস্টার কুকের নতুন রেকর্ড

পাকিস্তানের বিরুদ্ধে লর্ডস টেস্টে ৮১ রানের ইনিংস খেলার পথে আরেকটি নতুন রেকর্ডে নাম লেখালেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। টেস্ট ক্রিকেটে ইনিংস ওপেন করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রান এখন এই এসেক্স ওপেনারের।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর ইনিংসের ২১ তম ওভারে পাকিস্তানি পেসার রাহাত আলীকে বাউন্ডারি মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কুক। একই সাথে তিনি টপকে যান ওপেনার হিসেবে সুনীল গাভাস্কারের করা ওপেনার হিসেবে সর্বোচ্চ ৯ হাজার ৬০৭ রানের রেকর্ড।
অবশ্য রেকর্ড গড়ার দিনে হাফ সেঞ্চুরিটিকে সেঞ্চুরিতে টেনে নিতে পারেননি এই ওপেনার। ব্যক্তিগত ৮১ রানে বোল্ড হয়ে যান মোহাম্মদ আমিরের বলে।
১২৯ টেস্টে কুকের মোট রান ১০ হাজার ১৭৬। এই তালিকায় তার উপরে আছেন আরো দশ জন। তবে কুকের জন্য আশার কথা হচ্ছে এই দশজনের কেউ এখন আর আন্তর্জাতিক ক্রিকেটে নেই। ফর্ম ধরে রাখতে পারলে তালিকার সবার উপরে থাকা শচীন টেন্ডুলকারকে(১৫,৯২১) ধরতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে।
-নয়া দিগন্ত



