ঘিওরে আওয়ামীলীগের সাথে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনীময়

মোঃ রফিকুল ইসলাম মৃধা,ঘিওর : মানিকগঞ্জের ঘিওরে উপজেলা আওয়ামীলীগের সাথে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম রুবেল মতবিনীময় করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি তার সফরসঙ্গীদের সাথে নিয়ে, উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে এ মতবিনীময় করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক প্রতিদ্বন্দীতা করছেন।
এ সময় তিনি আওয়ামীলীগের নেতাকর্মী সহ এলাকার সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়া, নির্বাচনে জয়লাভ করলে, ঘিওর সহ তার নির্বাচনী এলাকাকে একটি ইন্ডাষ্ট্রীয়াল এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে সাধারন সম্পাদক হামিদুর রহমান, সহ সাধারন সম্পাদক শামসুল আলম খান, উপজেলা যুবলীগ সভাপতি বাবুল বেপারী, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ প্রধান, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সাইদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন।
সভাপতির বক্তব্যে আব্দুল আলীম মিন্টু বলেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। সভানেত্রীর এ সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা জাতীয় পার্টির পক্ষে কাজ করবো।
এসময় নেতাকর্মীরা স্বতঃস্ফুর্ত ভাবে তার এ বক্তব্যকে স্বাগত জানান এবং নির্বাচনে লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।



