দুই স্তরের টেস্ট বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দুই স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট প্রচলনের যে উদ্যোগ নিয়েছে, তাতে বাংলাদেশের ক্রিকেটর বিকাশ রুদ্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুবুল আনাম।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ক্রমবর্ধমান হারে অনেক দেশ টেস্ট মর্যাদা চাচ্ছে। এ কারণে তাদেরকে টেস্ট মর্যাদা দেয়ার পাশাপাশি দুটি গ্রুপে ভাগ করা যেতে পারে।
এই প্রস্তাব পাশ হলে টেস্ট র্যাংকিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ নিশ্চিতভাবেই দুর্বল দলগুলোর গ্রুপে পড়বে। আর শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে খেলতে পারবে না।
মাহবুব বলেন, আমরা এই পদ্ধতি সমর্থন করি না। আমরা বিশ্বাস করি, আমরা যত বেশি শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব, তত বেশি ভালো করব। আমরা শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে ওডিআই না খেললে ওডিআইতে বর্তমান পর্যায়ে আসতে পারতাম না।
আইসিসিতে তিনি বিসিবির প্রতিনিধিত্ব করছেন। আইসিসি ‘বিশেষ শ্রেণী’ গঠন করছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আইসিসির দায়িত্ব ক্রিকেটকে বিশ্বায়ন করা, বিশেষ কোনো শ্রেণী সৃষ্টি করা নয়। আমাদের খেলাধুলা বিস্তৃত হচ্ছে, অথচ ক্রিকেট সীমিত হয়ে পড়ছে। কোনো বৈশ্বিক সংগঠনের এমন লক্ষ্য হওয়া উচিত নয়। বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেয়েছে।
সূত্র : ক্রিকইনফো




