মানিকগঞ্জে কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন প্রবন্ধে আলোচনা সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর কার্যক্রমের অংশ হিসেবে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের জন্ম ও মৃত্যু দিবস পালন উপলক্ষে আজ মানিকগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বিকেলে প্রবন্ধ পাঠ,আলোচনা সভা ও জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ মান্যবর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সহ-সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন,জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য রোমেজা আক্তার খান মাহিন, আরও উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথি বলেন মানিকগঞ্জের কৃতিসন্তান কিংবদন্তী হীরালাল সেন উপমহাদেশে চলচ্চিত্রের বীজ রোপণ করে গেছেন। আমরা তাঁকে ধারণ ও লালন করতে চাই। আমরা জানি তাঁর জন্মভিটার অধিকাংশ জায়গা জমি হাতছাড়া হয়েছে। আইনী প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা সময়সাপেক্ষ ব্যাপার। তাই সরকার চাইলে কিছু জমি অধিগ্রহণ করে তাঁর নামে সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রসহ সৃজনশীল কাজ করে স্মৃতি সংরক্ষণ করা সম্ভব। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বক্তারা আরও বলেন বগজুরী,মত্ত,বেতিলায় হীরালাল সেন, ড.দীনেশচন্দ্র সেন,অমর্ত্য সেনদের জমিদারি দীর্ঘদিনের। নতুন প্রজন্মের মাঝে ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে পর্যটনকেন্দ্রসহ তাদের স্মৃতি সংরক্ষণে আমাদের সংগ্রাম জারি থাকবে। সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।




