শীর্ষস্থান ধরে রেখেছে রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে রূপগঞ্জ ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ১৪ খেলা শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন রূপগঞ্জ।
সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় রূপগঞ্জ। ব্যাটিং-এর সুযোগ পেয়ে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি প্রাইম ব্যাংক। ৫০ ওভারে ৮ উইকেটে ২২২ রান সংগ্রহ দাঁড় করায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন উইকেটরক্ষক নূরুল হাসান। তার ৯৬ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কার মার ছিলো। এছাড়া তাইবুর রহমান ৩৫, শুভাগত হোম ৩২ ও ভারতীয় ব্যাটসম্যান উন্মুখ চাঁদ ৩০ রান করেন। রূপগঞ্জের পবন নেগি ৩০ রানে ২ উইকেট নেন।
জবাবে মোহাম্মদ মিথুন, আসিফ আহমেদ ও নাহিদুল ইসলামের তিন হাফ-সেঞ্চুরিতে ১৯ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ। শুরুটা ভালো না হলেও, দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে খেলায় ফেরান সৌম্য সরকার ও মিথুন। সৌম্য ৪৬ বলে ৪৭ রান করে ফিরে গেলেও, ৭৬ বলে ৫০ রান করে আউট হন মিথুন।
মির্ডল-অর্ডারে জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে গেছেন আসিফ ও নাহিদুল। আসিফ ৮৯ বলে ৫১ রানে আউট হলেও, দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নাহিদুল। ৬টি চার ও ১টি ছক্কায় ৬০ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন নাহিদুল। রূপগঞ্জের শুভাগত ২ উইকেট নেন।
এই হারে ১৪ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক।




