বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনের ধার্য তারিখ ২ জুন বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন।
তার পক্ষে আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া সংবাদমাধ্যমকে বুধবার এ কথা জানান। গত ১৯ মে বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন ফের পিছিয়ে ২ জুন ধার্য করে দেয় আদালত।
ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দেয়। এ মামলায় খালেদা জিয়াকে কাল হাজির থাকার নির্দেশ দিয়ে আদালত জানায় হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
গত ১৯ মে ও খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তিনি ওইদিন আদালতে হাজির হননি। তার পক্ষে অসুস্থতার কারণ দেখিয়ে মামলার কার্যক্রম পেছাঁতে সময়ের আবেদন জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে ২ জুন বৃহস্পতিবার মামলার তারিখ পুননির্ধারণ করে আদেশ দেয় আদালত।




