উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ

উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সুইজারল্যান্ডে নির্মিত বিশ্বের গভীরতম ও দীর্ঘতম রেল সুড়ঙ্গ। প্রায় দুই দশক ধরে কাজ চলার পর অবশেষে সুড়ঙ্গটি উদ্বোধনের ঘোষণা দেয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ইউরোপকে সংযোগকারী গোথারড সুড়ঙ্গ ৫৭ কিলোমিটার দীর্ঘ। সুইস আল্পস নামে পরিচিত সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চল দিয়ে এই রেল লাইনটি গিয়েছে। প্রতিদিন এই লাইন দিয়ে ২৬০টি মালবাহী ট্রেন ও ৬৫টি যাত্রীবাহী ট্রেন যাতায়ত করবে।
সুইজারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, এই সুড়ঙ্গের মাধ্যমে ইউরোপের পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এখন সড়ক পথে কয়েক লাখ লরির মাধ্যমে যে পণ্য আনা নেয়া হয়, তা ট্রেনের মাধ্যমে সহজে আনা নেয়া করা যাবে।
বিশ্বের বর্তমান দীর্ঘতম রেল সুড়ঙ্গ জাপানের সেইকান। এর দৈর্ঘ্য ৫৩.৯ কিলোমিটার। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ও ব্রিটেনকে সংযোগকারী চ্যানেলের নিচ দিয়ে যাওয়া রেল সুড়ঙ্গ যার দৈর্ঘ্য ৫০.৫ কিলোমিটার। কিন্তু সুইজারল্যান্ডের এই সুড়ঙ্গ চালু হলে সেইকেন দ্বিতীয় ও ফ্যান্স-ব্রিটেন চ্যানেলের সুড়ঙ্গ তৃতীয় অবস্থানে চলে আসবে।
সুইজারল্যান্ডের ফেডারেল ট্রান্সপোর্ট অফিসের পরিচালক পিটার ফুএগলিস্টেলার রয়টার্সকে জানান, সুইজারল্যান্ডের মানুষের পরিচয় হয়ে দাঁড়াবে এই সুড়ঙ্গ। আমাদের জন্য আল্পসের তলদেশ দিয়ে এই সুড়ঙ্গ তৈরিটা অনেকটা ডাচদের সমুদ্র বিজয়ের মত।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের গোথারড সুড়ঙ্গ উদ্বোধনের জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস হল্যান্ড এবং ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রানজি উপস্থিত থাকবেন।
সূত্র : বিবিসি




