slider

৩৯ বছর পর দেয়ালে ফিরে এসেছে ‘সবুজ পাতা’

হরিরামপুর, মানিকগঞ্জ প্রতিনিধি : জাতীয় শহীদ দিবসে মানিকগঞ্জের হরিরামপুরে হাতে লেখা দেয়াল পত্রিকা ‘সবুজ পাতা’র চতুর্দশতম সংখ্যা প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার উনচল্লিশ বছর পর উপজেলা পাবলিক লাইব্রেরির দেয়ালে সবুজ পাতা প্রকাশিত হয়েছে।

জানা যায়, ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশের এক সুবর্ণ বিকেলে স্বপ্নমাখা চোখ আর আশাবাদী হাতে কলম ধরেছিলেন পাটগ্রাম অনাথ বন্ধু স্কুলের এক প্রগতিশীল তরুণ শিক্ষক হরিপদ সূত্রধর। তাঁর সম্পাদনায় যাত্রা শুরু ‘সবুজ পাতা’ পত্রিকার। অনুপ্রেরণায় যুগিয়েছিলেন স্কুলের তৎকালীন প্রধানশিক্ষক প্রয়াত সামসুদ্দিন আহমেদ। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন।

সবুজ পাতা পত্রিকার লেখক আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব (অতিরিক্ত জেলা জজ) তৈয়বুল আজহার বলেন, ১৯৭২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই ‘সবুজ পাতা’ দেয়ালিকা প্রকাশিত হয়েছে। সেই সময়ে মানিকগঞ্জ শহরে পুরো জেলার দেয়াল পত্রিকা প্রতিযোগিতা হতো। ‘সবুজ পাতা’ সেই প্রতিযোগিতায় অংশ নিতো।

‘সবুজ পাতা’র উদ্দেশ্য ছিল কিশোর, তরুণদের মননশীলতা, সৃষ্টিশীলতার উন্মেষ ঘটানো। বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক মনজুর শামস, আহমাদ মোস্তফা কামাল-এর হাতেখড়িও এই ‘সবুজ পাতা’ দেয়াল পত্রিকায়।

নানা প্রতিকূলতায় ১৯৮৪ সালে ‘সবুজ পাতা’ দেয়াল পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে ‘সবুজ পাতা’ নামে স্কুল বার্ষিকী প্রকাশ হয় বাবু হরিপদ সূত্রধরেরই সম্পাদনায়।

আজ ৩৯ বছর পর ‘পদ্মাপাড়ের সক্রেটিস’ বাবু হরিপদ সূত্রধর-এর হাতে লেখা ‘সবুজ পাতা’ দেয়াল পত্রিকায় লিখেছেন কথাসাহিত্যিক মনজুর শামস, আহমাদ মোস্তফা কামাল, আবু জাহিদ মোল্লা, তৈয়বুল আজহার প্রমুখ। নবীন লেখকরাও লিখেছেন।

এই অনাড়ম্বর এবং জৌলুসহীন দেয়ালের সাদামাটা ‘সবুজ পাতা’ দেখে আপনাদের পছন্দ নাও হতে পারে। তাতে ক্ষতি নেই! রাত জেগে হাতে দেয়াল পত্রিকা লিখে ৮৪ বছর বয়স্ক ‘চিরতরুণ’ বাবু হরিপদ সূত্রধর যে এখনো জীবনমনস্ক, সুন্দরমনস্ক হয়ে বেঁচে আছেন, উনচল্লিশ বছর পর ‘সবুজ পাতা’ দেয়ালে ওঠা সেই সাক্ষ্যই বহন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button