ঐতিহ্য ধরে রাখতে তাল পিঠা মেলা ভূমিকা রাখবে—-খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধিঃ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠা পুলির আয়োজন। আর এ ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছরের মতো এবারো শুরু হয়েছে নিয়ামতপুরের হাজিনগর ইউনিয়নের তালতলিতে তাল পিঠা মেলা।
শনিবার (২৪ এ সেপ্টেম্বর) উক্ত মেলায় উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
মনোমুগ্ধকর উপস্থাপক অবসরপ্রাপ্ত এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বজলুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। উক্ত পিঠা মেলাটি আয়োজন করেছেন উপজেলা পরিষদ নিয়ামতপুর নওগাঁ ।
আয়োজকরা জানান, বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সংঠন ও প্রতিষ্ঠান পিঠা উৎসবে অংশ নেয়। উৎসবের আয়োজন যেমন ব্যাপক তেমনি পিঠার সম্ভারও ছিল বৈচিত্রময়। প্রায় ৩০ ধরণের তাল পিঠা ছাড়াও বিভিন্ন উপকরণ দিয়ে বানানো অর্ধশতাধিক রকমের পিঠা আসে উৎসবে। পাকান, পুলিসহ সচরাচর যেসব পিঠা দোকানে পাওয়া যায়, সেগুলি ছাড়াও ছিল হৃদয়হরণ, ঝিনুক পিঠা, তালের কেক, তালের ফুলঝড়ি, পাখির বাসা, তালের মাংস সিংড়াসহ বিচিত্র সব পিঠা। প্রতিটি পিঠার দাম ছিল ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত।
প্রতিটি স্টলে প্রায় ২০ থেকে ৩০ রকমের পিঠা দেখা যায়। বাড়ি থেকে তৈরি করে আনা পিঠার পাশাপাশি অনেক স্টলে বিভিন্ন রকমের পিঠা তৈরিও করা হয়।

পরিবার নিয়ে নওগাঁর সদর থেকে পিঠা উৎসব দেখতে আসেন রফিকুল ইসলাম। তিনি বলেন, সারি সারি তালগাছের সড়কে আসলে এমনিতেই হৃদয়ে একটা প্রশান্তি অনুভব হয়। সময় পেলেই মাঝে মাঝে পরিবার নিয়ে আমি এখানে আসি। আজকে আরও ভালো অনুভূতি হচ্ছে। এখানে একসঙ্গে অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে। আমার সাত বছর বয়সী মেয়ে অনেক পিঠাই আগে চিনতো না। এখানে এসে অনেক ধরণের পিঠা দেখে ও তার স্বাদ নিতে পেরে অনেক খুশি। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান থাকায় আরও ভালো লাগছে।
খাদ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ঐতিহ্য ধরে রাখতে তাল পিঠা মেলা বিশেষ ভূমিকা রাখবে। তাল পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, তালতলির তালগাছ নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ প্রবণ হয়ে পড়ি। এই তালগাছ রোপণকালে যারা আমার সহযোগী ছিলেন তাদের কথা মনে পড়ে। আবার ভাবতে ভালো লাগে সেই তালগাছের নিচে এখন তাল পিঠার মেলা হয়।
তালগাছ রোপনের উদ্দেশ্য সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, একসময় এঅঞ্চলের বাবারা মেয়ের বাড়িতে তালের পিঠা নিয়ে যেত। তালগাছ কমে যাওয়ায় জামাইয়ের বাড়িতে পিঠা পাঠানোর ঐতিহ্য এক সময় হারিয়ে যেতে বসলো। তখন মনে করলাম এ ঐতিহ্য ধরে রাখতে হবে। তাছাড়া তালগাছ বজ্রপ্রতিরোধক তাই তালগাছ লাগানোর সিদ্ধান্ত নিলাম।
তিনি বলেন, প্রকৃতি ও দেশের জন্য কাজ করেছি। এসময় তিনি ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
বাংলাদেশ স্বাধীন না হলে এই তাল মেলা আয়োজন সম্ভব হতো না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, রাশিয়া – ইউক্রেন যুদ্ধের কারনে পৃথিবী ব্যাপী নানা সংকট তৈরি হয়েছে। মানুষের কষ্ট হচ্ছে এটা ঠিক তবে এ সময় আমাদের সহনশীল হতে হবে। বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি উল্লেখ করে তিনি বলেন, এদেশে প্রচুর ফসল ফলে। এদেশে খাদ্য ঘাটতি নাই,সংকট হবে না। শেখ হাসিনার উন্নয়নকে কোনভাবে বাধাগ্রস্ত করা যাবে না বলে উল্লেখ করেন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, এ ধরনের আয়োজন আমাদের মানবিক হতে শেখায়। আমাদের শেকড়ের কাছে নিয়ে যায়। তাল পিঠার মেলাকে কেন্দ্র করে মানুষে মানুষে মনের সংযোগ ঘটে।
এছাড়াও নওগাঁ জেলা প্রশাসক মো: খালিদ মেহেদী হাসান,পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক সুফিয়ান। হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বাগত বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ পিঠা মেলায় তালের তৈরি নানান ধরনের পিঠার পসরা নিয়ে হাজির হয়েছেন এ অঞ্চলের পিঠাশিল্পীরা। এবার মেলায় ৫০টিরও বেশি স্টলে প্রায় ৩০ ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে এই তাল পিঠার মেলা। মেলায় তালের তৈরি ফুলঝুরি, জামাই পিঠা,খেজুর পিঠা,তাল জিলাপি, তাল কেক,তালক্ষীর, মুইঠা পিঠা, গড়গড়া,তাল রুটি,কান মুচুরি,ডাল বড়া প্রভৃতি।
উল্লেখ্য, তালতলিতে ১৯৮৬ সালে তাল গাছ রোপন করেন তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তালতলির তালসড়ক এখন এ অঞ্চলের পর্যটন স্পটে পরিণত হয়েছে। ২০২১ সালে প্রথমবার তাল পিঠা মেলা আয়োজন করা হয় এখানে। প্রকৃতিতে শোভাবর্ধনের পাশাপাশি আয়বর্ধক কাজেও তালগাছগুলো ভূমিকা রেখে চলেছে।
উৎসবের অন্যতম আয়োজক হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এবারের উৎসবে যে পরিমান মানুষের সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত । অনেক দূর-দূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান হরেক রকমের পিঠার সমাহার নিয়ে এখানে স্টল দিয়েছে। আগামীতে প্রতি বছর এখানে পিঠা উৎসবের আয়োজনের ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি।



