
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : বৈশ্বিক ও অভ্যন্তরীন সংকটের সুযোগ নিয়ে অধিক লাভের আশায় মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে প্রেট্রোল,অকটেন, ডিজেল ও কেরোসিন সংগ্রহ করে মজুদ করেছিলেন মিলন মাহমুদ নামের এক ব্যবসায়ী।
সোমবার (২৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর হাট সংলগ্ন মেসার্স মাহমুদ এন্টার প্রাইজ নামের এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার । এসময় ওই প্রতিষ্ঠানের ২টি গুদাম থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ ব্যারেল জ্বালানি তেল প্রেট্রোল, অকটেন,ডিজেল ও কেরোসিন উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত তেল ওই রাতেই সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে সূত্র জানায়।
উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজের মালিক মিলন মাহমুদকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, মজুদ ও অধিক দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করে মজুদকৃত জ্বালানি তেল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। বিক্রয়কৃত সকল অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


