
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদীতে মানসিক ভারসাম্যহীন নারী, পুত্র সন্তানের মা হয়েছেন। সন্তানের পিতার পরিচয় এখনো জানা যায়নি। এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মধ্যে। সোমবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মধ্যপাড়া বাজারে এই নারী একটি পুত্র সন্তান জন্ম দেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে অপরিচিত এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন গর্ভবতী নারীকে মধ্যপাড়া বাজারে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসী।
পরদিন সোমবার ২৭ এপ্রিল সকাল বেলা একটি সন্তান প্রসব হয়েছে দেখতে পান এলাকার লোকজন। এ সময় তারা তার পরিচয় জানতে চাইলে কোন উত্তর না দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে এই মহিলাটি। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন ভিড় করেন এবং এলাকার কিছু লোক এই নবজাতকের ভরন-পোষনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন।
বর্তমানে একই গ্রামের একটি পরিবারের হেফাজতে রয়েছে নবজাতক শিশুটি। বনগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য রুবেল বলেন, মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসবের খবর পেয়ে সেখানে যাই এবং অনেক লোকজনের ভিড় দেখতে পাই। মহিলার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা তাকে উদ্ধার করে আপাতত একজনের বাড়িতে রেখেছি।
বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। পরে খোজ নিয়ে প্রশাসনকে অবহিত করি।
উপজেলা সমাজসবা কর্মকর্তা আবুল খায়ের জানান,প্রসূতি মা ও তার নবজাতক সন্তানের জন্য আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছুই করা হবে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, বিষয়টি আমি জেনেছি। কেউ কেউ দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইচ্ছে করলেই দত্তক নেওয়ার সুযোগ নেই। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তবেই দত্তকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



