slider

ধামরাইয়ে ফরহাদ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বালুর ব্যবসাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে ফরহাদ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপি নেতা সুনীল কুমার সাহা, গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ব্যবসায়ী মফিকুল ইসলাম, ইউপি সদস্য মনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামের জাকির হোসেন ও মতিয়ার রহমানের মধ্যে স্থানীয় গাজীখালি নদীতে বালুর ব্যবসা নিয়ে সংঘর্ষ বাধে। এসময় একই গ্রামের ব্যবসায়ী ফরহাদ হোসেন সংঘর্ষ থামাতে গেলে জাকির হোসেন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন ফরহাদ হোসেনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর রাতেই স্থানীয় জনতা একই গ্রামের মজিবর রহমানের ছেলে হামলাকারী জাকির হোসেনকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী হোসনে আরা বাদী হয়ে জাকির হোসেনসহ ১৫-১৬ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত ফরহাদ হোসেন ধামরাইয়ের অর্জুনালাই গ্রামের ধলু মিয়ার ছেলে।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ফরহাদ হোসেন হত্যার প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button