রংপুরে ২ লাখ ৮৩ হাজার ৩১২ পরিবারকে দেওয়া হবে টিসিবির পণ্য

রংপুর ব্যুরোঃ রংপুর জেলার সিটি কর্পোরেশন, ৩ টি পৌর সভা ও আট উপজেলায় ২ লাখ ৮৩ হাজার ৩১২ পরিবার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী দেওয়া হবে।
আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক আসিব আহসান ।
রবিবার(২০ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
তিনি বলেন, ‘নির্ধারিত মানদণ্ডের (নিম্ন আয়ের মানুষ) ভিত্তিতে উপকারভোগী বাছাইয়ের মাধ্যমে একটি তালিকা প্রণয়ন করে টিসিবির পণ্যসামগ্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করা হবে। জেলায় ১৩৫ টিসিবির ডিলারের মাধ্যমে ইতোমধ্যে ৩৫৫.৫৯০ মে. টন করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল এবং ছোলার কার্যক্রম এবং উপকারভোগীর তালিকা প্রণয়ন কার্যক্রম সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে চলমান রয়েছে।
তিনি বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশন এলাকা, ৩টি পৌরসভা ও ৮টি উপজেলার মোট ২ লাখ ৮৩ হাজার ৩১২ পরিবার উপকারভোগীর তালিকায় থাকছে। এর মধ্যে করোনাকালীন উপকারভোগীর সংখ্যা ৯৮ হাজার এবং ১লাখ ৮৫ হাজার ৩১২ জন নতুন। এই কার্যক্রমে প্রত্যেক পরিবার রোজার আগে ও পরে দুই দফায় দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল পাবে। এ ছাড়া রোজার মধ্যে দুই কেজি করে ছোলা পাবেন। জেলার সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা ও ৮টি উপজেলার এলাকায় ১৩৫ জন ডিলারের মাধ্যমে ২২২টি কেন্দ্রে বিক্রয় কার্যক্রম চলবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি উপকারভোগীর তালিকা প্রণয়ন কাজ প্রায় শেষ করেছে। কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করতে প্রত্যেক উপজেলায়,সিটি কর্পোরেশনের ওয়ার্ডে জনপ্রতিনিধির সঙ্গে উপজেলা, জেলা প্রশাসনের ট্যাগ টিম কাজ করছে।’
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী ,টিসিবির রংপুর আঞ্চলিক অফিস প্রধান প্রতাপ কুমার প্রমুখ।




