sliderস্থানিয়

পাথর আমদানির আড়ালে কোটি টাকার যন্ত্রাংশ জব্দ, আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় পাথর আমদানির আড়ালে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার রাতেকানসাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার ও সংশ্লিষ্ট গুদামে অভিযান চালিয়ে প্রায় ১০০ টনের বেশি ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে পাথরের আড়ালে লুকিয়ে রাখা ট্রাকের এক্সেল, গিয়ার বক্সসহ ভারী যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় পাথর পরিবহনের আড়ালে বিভিন্ন ধরনের মালামাল আনা-নেওয়ার কার্যক্রম চলছিল। সর্বশেষ অভিযানে বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “একটি সংঘবদ্ধ চক্র পাথর আমদানির আড়ালে শুল্ক ফাঁকি দিয়ে এসব যন্ত্রাংশ দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, উদ্ধারকৃত মালামাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আরও কয়েকটি গুদামে তল্লাশি চালিয়ে তদন্ত অব্যাহত রাখা হয়েছে।

উল্লেখ্য, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ যন্ত্রাংশ কীভাবে কুরিয়ার বুকিং পয়েন্ট ও গুদামে পৌঁছালো, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button