Uncategorized

চিরিরবন্দরে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

চিরিরবন্দর প্রতিনিধি :চিরিরবন্দরে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকাল ১১ঘটিকায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা সরোজ কুমারের পুকুরটি অনেক পুরোনো। পুকুরটি নতুন করে খনন করার সময় কাঁদার ভেতর থেকে গ্রেনেডটি পাওয়া যায়। প্রথমদিকে এটি গ্রেনেড বোমা তা কেউ বুঝতে পারেননি। পরে বুঝতে পারলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা মহির উদ্দীন বলেন, “ওই এলাকায় আমাদের অস্থায়ী একটি ক্যাম্প ছিল। সে সময় মুক্তিযোদ্ধারা এ ধরনের হ্যান্ড গ্রেনেড ব্যবহার করতেন। গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়কার বলে মনে হচ্ছে”।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ বলেন, “হ্যান্ড গ্রেনেডটি খুবই ছোট আকৃতির। তাতে মরিচা পড়ে গেছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিচ্ছে। এরই মধ্যে রংপুরের র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে”।
ওসি আরও বলেন, “আপাতত হ্যান্ড গ্রেনেডটি পুলিশ ও স্থানীয় চৌকিদারের পাহারায় নিরাপদে রাখা হয়েছে। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button