জাতীয়শিরোনাম

বিএনপি নিজেদের বিশৃঙ্খলা আড়াল করতে সরকারকে দোষারোপ করছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন্য সরকারের ওপর দোষারোপের রাজনীতি করছে, তাদের এটি পরিহার করার অনুরোধ জানাই।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে মন্ত্রীর বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশে যেখানেই সমাবেশ করে সেখানেই নিজেরা মারামারি করে। হবিগঞ্জের আগে সিলেটে তাদের বিজয় দিবস উপলক্ষে ডাকা সমাবেশে চেয়ার বসা নিয়ে তারা যেভাবে মারামারি করেছে, সেই ভয়ে আশপাশে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ তাদের নিজেদের মধ্যে মারামারির কারণে জনগণ আতঙ্কিত। একই ঘটনা হবিগঞ্জেও। সেখানেও তাদের বিশৃঙ্খলা ও মারামারি ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছিল, এছাড়া অন্য কিছু নয়।’
‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব তো নিজেদের মারামারির বিষয় নিয়ে কোনো কিছুই বলছেন না’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয় তা ঠেকানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে চিৎকার করতে হয়। একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয়, সেটা তাদের জন্য লজ্জাকর। আমি মির্জা সাহেবকে অনুরোধ জানাবো, নিজেদের বিশৃঙ্খলা আড়াল করতে সরকারের ওপর দোষারোপের রাজনীতি পরিহার করুন।’
সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসময় ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন। একইসাথে তিনি বলেন, সরকার এর তদন্ত করবে এবং যদি এই ঘটনায় কেউ দোষী হয় অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button