
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশ করছে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য চত্বরে এ সমাবেশ শুরু হয়।
এতে ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি আবু রায়হান খান, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
এদিকে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্যের সমাবেশ ঘিরে ক্যাম্পের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে ডাকসু ভবনে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ তার সংগঠনের অন্তত ২৪ জন আহত হন।
হামলার প্রায় ৫০ মিনিট পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
আহতদের তুহিন ফারাবিকে (২৫) আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। ভিপি নুর ও সোহেল নামে এক শিক্ষার্থী কেবিনে রয়েছেন। আরেক শিক্ষার্থী আমিনুরকে রাখা হয়েছে ওএসইতে (ওয়ান স্টপ ইমার্জেন্সি)।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বলছে, মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।
তবে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ বলছে, সাধারণ শিক্ষার্থীরা ‘দুর্নীতিবাজ’ ভিপিকে প্রতিহত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই দফায় নুরুল হক ও তার সহযোগীদের রড, লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। প্রথম দফায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ডাকসু ভবনে ঢুকে তাঁদের পেটান।
এরপর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক (ডাকসুর এজিএস) সাদ্দাম হুসাইন ঘটনাস্থলে আসেন। তাদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় হামলা ও মারধর করা হয়। এ সময় ডাকসু ভবনেও ভাঙচুর চালান ছাত্রলীগের কিছু নেতাকর্মী। দেশ রূপান্তর।




