সিংগাইরে সরকারি জায়গা ভরাট করে বাউন্ডারি দেয়াল নির্মাণ

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর-চকবাড়ি সড়ক ঘেঁষে সরকারি জমি ভরাট করে বাউন্ডারি দেয়াল নির্মাণের অভিযোগ ওঠেছে স্থানীয় জুয়েল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জুয়েল ওয়াইজ নগর গ্রামের মৃত শহিদ ডাক্তারের পুত্র।
স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, জুয়েলের বসত বাড়ি সংলগ্ন সরকারি জমি রয়েছে। রেকর্ড পত্র পর্যালোচনা করে দেখা যায়, ওয়াইজ নগর মৌজায় আরএস ১২৫ দাগে ২৮ শতাংশ জমি সরকারি খাস খতিয়ান ভূক্ত। তারম ধ্যে রাস্তা বাদে ১০-১২শতাংশ সরকারি জমি পরিত্যক্ত অবস্থায় আছে। ওই জায়গা জুয়েলের বসতবাড়ি সংলগ্ন হওয়ায় সে মাটি ভরাট করে এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দখলে নেয়। শুরুতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি চান্দহর ইউনিয়ন ভূমি অফিসকে অবগত করেন। এতে ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুস ছালাম বাঁধা দেন। জুয়েল ওই বাঁধা অমান্য করে বাউন্ডারি দেয়াল নির্মাণ অব্যাহত রাখেন।
স্থানীয় আব্দুল মান্নান( মোন্নাফ নেতা) অভিযোগ করে বলেন, মোট ২৮ শতাংশ খাস জমির মধ্যে প্রায় অর্ধেক জায়গা জুয়েল দখলে নিয়ে দোকান ঘর করার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো বলেন, বিষয়টি স্থানীয় নায়েবকে বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি।
খাস জমি দখল কারি জুয়েল বলেন, আমার জায়গাতেই আমি বাউন্ডারি দেয়াল নির্মাণ করছি। কোনো খাস জায়গা দখল করা হয়নি।
চান্দহর ইউনিয়ন ভূমিসহকারি কর্মকর্তা একেএম আব্দুস ছালাম বলেন, ঘটনাস্থলে গিয়ে একাধিক বার বাঁধা দিয়েছি কিন্তু জুয়েল তা মানেনি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, স্থানীয় ভূমি কর্মকর্তা আমাকে জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




