৭৫ টাকা বেশী লাভ করতে গিয়ে মুন্নু হাসপাতালকে গুনতে হলো ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : নির্ধারিত দামের চাইতে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির দায়ে মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন। এদিকে অভিযোগকারী ব্যক্তিকে আইন অনুযায়ী ৫ হাজার টাকা প্রদান করা হয়। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গত মে মাসে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিজস্ব ফার্মেসী থেকে কিছু ওষুধ কিনেন। যে ওষুধটি তিনি কিনেছেলেন তার এমআরপি মুল্য ছিলো ২৪০ টাকা। অথচ হাসপাতালের ওই ফার্মেসী ওষুধের দাম তার কাছে ৩১৫ টাকা দাম রাখে। পরে ওই ব্যক্তি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ অফিসে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রোববার (আজ ২৮জুন) উভয় পক্ষের শুনানী শেষে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মুন্নু হাসপাতালের এজিএম (ভূমি) ইফতেখার আলম খান ও ফার্মেসী ইনচার্জ লুতফর রহমান এঘটনায় ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন বলে জানান ভোক্তা অধিদপ্তরের ওই কর্মকর্তা।
এদিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
যে কোন পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর হট লাইন ১৬১২১ নম্বরে অভিযোগ করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।




